শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন, ৪ থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন, ৪ থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

এস.এম.নাহিদ : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা জোরদারে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ১লা জুলাই বুধবার সকাল ৯টায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১–এ আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্যাম্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো এই ক্যাম্পের মাধ্যমে। পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে ডিএমপির অধীনে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপপুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

আইজিপি আরও বলেন, পূর্বাচল প্রকল্পে পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়াধীন। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এর একটি বরকাউ পুলিশ ক্যাম্প, যা বুধবার উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন রয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে সেটিও উদ্বোধনের আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা