সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলো – পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে। যার ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির দুটি চাকার সংযোগ থেকে খসে পড়ে যায়। লাইনচ্যুত বগিটি উদ্ধারে আমরা রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ট্রেনটি উদ্ধার করতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগবে।
