মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন প্রবাসী কমিউনিটি নেতা আতাউর রহমান আতা। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।
বিকেল ৫টায় ঘাটের বাজার থেকে শুরু হওয়া গণসংযোগ কর্মসূচিতে তিনি মনসুরগঞ্জ, গড়গড়ন, মাদরাসা, কাইরচক, পালেরমুড়া, ভুকশিমইল নবাবগঞ্জ ও রসুলগঞ্জ বাজারে যান।
গণসংযোগের সময় বিভিন্ন বয়স ও পেশার মানুষের সঙ্গে কথা বলেন আতাউর রহমান আতা। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
আতাউর রহমান আতা বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউবিসিপিএস) লিমিটেডের নতুন অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
