শাকিলা সুলতানা: রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ তিন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
সোমবার (১০ আগস্ট) পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মাদক ব্যবসায়ীদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—১. মোঃ আবুল হোসেন (৭০), ২. কামরুল হাসান সজীব (২৪) এবং ৩. মোঃ আলামিন তালুকদার (২৭)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ০৬:০৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানার দেওয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন ও কামরুল হাসান সজীবকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন দুপুর ০৩:০৫ মিনিটে ডিবি-মতিঝিলের আরেকটি দল মুগদা থানাধীন টিটিপাড়া বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেইটের সামনে অভিযান চালিয়ে মোঃ আলামিন তালুকদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের ঘটনায় যাত্রাবাড়ী ও মুগদা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
৪৩
