তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা , শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে জামায়াতের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের বোনজামাইয়ের কলাবাগানের এক হাজারের বেশি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিক হাফেজ আলমগীর হোসেন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের খড়িয়া কাজিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, বাগানের কোনো গাছের মাঝখান কেটে ফেলা হয়েছে, আবার কোনো গাছের কলার কাঁধির ওপরের অংশ কেটে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলো ফলন দেওয়ার উপযোগী হওয়ার আগেই কেটে ফেলায় বাগানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা একটি বাগানের শত শত কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাগানমালিক হাফেজ আলমগীর হোসেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের বোনজামাই। তিনি বলেন, পরিবারের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে ১৫৫ শতাংশ জমিতে প্রায় দুই হাজার কলাগাছের বাগান গড়ে তুলেছেন। এর মধ্যে দুর্বৃত্তরা প্রায় এক হাজার থেকে ১ হাজার ২০০টি গাছ কেটে ফেলেছে। কোনো গাছের মাঝখান কেটে দেওয়া হয়েছে, আবার কোনো গাছের কলার কাঁধির ওপরের অংশ কেটে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘পরিবারের সঞ্চিত অর্থ এখানে বিনিয়োগ করেছি। একটি মধ্যবিত্ত পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন দুর্বৃত্তরা রাতের আঁধারে শেষ করে দিয়েছে। বাগানটি আমার ভাই নুর হোসেন দেখাশোনা করতেন। গতকাল তিনি ঢাকায় গেছেন। আর রাতেই দুর্বৃত্তরা এভাবে বাগানের ক্ষতি করেছে।’
একজন কৃষি উদ্যোক্তা হিসেবে ক্ষতিগ্রস্ত বাগানটির বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হেলাল বলেন, বিষয়টি উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তিনি নিয়মিত বাগানটি পরিদর্শন করে কৃষি পরামর্শ দিতেন। বাগানটির ব্যাপক ক্ষতি হয়েছে।
শ্রীবরদী থানার ওসি জাহিদ আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলাবাগান পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
