আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৫ আগস্টকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা এবং গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা তৎপরতা জোরদারে বিভিন্ন এলাকায় কন্টাক্ট, ইনফর্মার বা সোর্স নিয়োগ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করে নজরদারি চালানো হচ্ছে।
রাজনৈতিক কর্মসূচির স্থান ও আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা যাতে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে সম্ভাব্য নাশকতা কিংবা অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রলিংও জোরদার করেছে র্যাব। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব আরও জানিয়েছে, কোথাও বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
১৫ আগস্ট উপলক্ষে র্যাব নিজস্ব নেতৃত্বে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে র্যাব বলেছে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব বদ্ধপরিকর।
