মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছর পর পুনরায় চালু, ১ম দিনেই সফল সিজারিয়ান অপারেশন

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছর পর পুনরায় চালু, ১ম দিনেই সফল সিজারিয়ান অপারেশন

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছর পর পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশন সেবা। চালুর প্রথম দিনেই হাসপাতালে একটি সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার চন্ডীপাশা এলাকার বাসিন্দা লিজা (৩০) নামের এক প্রসূতি সিজার অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সফল এই অপারেশন শেষে রোগী ও নবজাতক দুজনই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই সিজার ছাড়াও আজ হাসপাতালটিতে আরও একটি ডিঅ্যান্ডসি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গলবার সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি প্রতিদিন হাসপাতালে নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব সেবাও চালু রয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আমাদের এই সেবা পুনরায় চালু করতে পেরে আমরা আনন্দিত। যেকোনো প্রসব জটিলতায় সাধারণ মানুষকে কবিরাজি বা অপচিকিৎসার দিকে না গিয়ে হাসপাতালে এসে সরকারি চিকিৎসাসেবা নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সিজারসহ অন্যান্য অপারেশন কার্যক্রমের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও নির্বিঘ্নে বজায় রাখতে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা