শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

এইচ এন আলম, ( কক্সবাজার ) প্রতিনিধি : কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় বাজার এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) শোভন কুমার সাহা। এ সময় সদর মডেল থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী র‌্যালিতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন। র‌্যালিটি বড় বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে আয়োজিত সমাবেশে মাদকের ক্ষতিকর দিক ও এর ভয়াবহ সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, মাদক নির্মূলে পরিবার, ব্যবসায়ী সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদক বিক্রি, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরে মাদকবিরোধী স্লোগানের মধ্য দিয়ে র‌্যালি ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা