এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমড়ে লোহার শিকল, গলায় সুপারি-কলা বেধে রাস্তায় ঘুরানো হতদরিদ্র বৃদ্ধ রুহুল আমিনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। শনিবার বিকালে পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলার ইউএনও এর কাযার্লয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম বৃদ্ধ রুহুল আমিনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইউপি সদস্য মোঃ মজনু হোসেন রনি।
বিষয়টি আজ রোববার সকালে নিশ্চিত করে জিয়ানগর উপজেলার ইউএনও কাযার্লয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে বৃদ্ধ রুহল আমিনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ওই বৃদ্ধকে পুনঃবার্সনের জন্য সব ধরণের সহযোগীতা করবেন বলে জেলা প্রশাসক মহোদয় আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত সোমবার সকালে জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার পার্শ্ববর্তী আব্দুল হালিম হাওলাদারের কয়েক ছড়ি সুপারী ও এক ফালি কলা চুরি করে এমন অভিযোগ উঠে। পরে স্থানীয়রা তাকে আটক করে সুপারী ছড়ি ও কলার ফালি তার গলায় ঝুলিয়ে এবং কোমড়ে সিকল বেধে রাস্তায় রাস্তায় জনতার মাঝে ঘুরায় ও নির্যাতন করে। আবার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে এবং বিষয়টি গনমাধ্যমে প্রকাশ পেলে জেলা প্রশাসনের নজরে আসে।
