তমাল কান্তি সরকার, ভালুকা, ময়মনসিংহ, প্রতিনিধি : আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে সম্প্রতি আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট বুধবার দুপুরে ভালুকা প্রেস ক্লাবে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগ এবং সম্প্রতি সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তারা এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সামনে তাদের দাবি অনুযায়ী প্রকৃত ঘটনা তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্য তোফাজ্জল হোসেন মাস্টার, আব্দুল হান্নান ঢালীর ছেলে রিমেল, জাকির হোসেনের স্ত্রী হালিমা আক্তার, তোফাজ্জল হোসেন মাস্টারের স্ত্রী আসমাউল হোসনা, আলম ও মাহফুজব সহ আরও অনেকে।
তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, সম্প্রতি এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেগুলোর সঙ্গে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপির কোনো সম্পৃক্ততা নেই।
তিনি দাবি করেন, তাদের পৈতৃক সম্পত্তি ভাওয়াল কনস্ট্রাকশনের নামে কোনো ওয়ারিশ দলিল করে দেননি। শাকিল ঢালীসহ অন্যনরা ভুয়া দাতা সাজিয়ে ওই দলিল করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সঙ্গে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন।
বক্তারা আরও দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা প্রকাশিত সংবাদ ও উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
