সোমবার | নভেম্বর ২, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান

জামায়াত আমিরের পোস্ট

ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান

জনতা ডেস্ক : দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।

পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতির পেছনে ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে উল্লেখ করে তিনি লিখেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

চলমান এ সঙ্কটে শিল্প খাতের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এমতাবস্থায় দেশের পোশাকশিল্প খাতকে বাঁচাতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াত আমির। পোস্টে তিনি উল্লেখ করেন, এ ক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা