শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

এইচ এন আলম, ঈদগাঁও, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পরিবেশ সংরক্ষণ, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অস্বাস্থ্যকর ও অনিয়মিত উপায়ে খাদ্য উৎপাদনের দায়ে তিনটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার এলাকার আর রহমান বেকারি, ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এলাকার আনন্দ বেকারি এবং জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার নিউ ঢাকা বেকারি। তিন প্রতিষ্ঠান থেকেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া ঈদগাঁও বাজারে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৮(৪) ধারায় দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ঈদগাঁও বাজারের প্রধান সড়ক দখল করে অবৈধভাবে ট্রাক রেখে মালামাল আনলোড করার দায়ে কামাল উদ্দিনের মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানা পুলিশ ও আনসার সদস্যদের একটি চৌকস দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা