মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে’লাল সবুজ’ নামে এসি যাত্রীবাহী ঢাকাগামী পরিবহনে মাল বক্সে কালো প্লাস্টিকের স্কচটেপ মোড়ানো ৯ কেজি গাঁজা উদ্ধার। এ সময় বাস চালক ও হেল্পার’কে কাঁচপুর হাইওয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার কাঁচপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তামিম নার্সারির সামনে চেক পয়েন্টে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন-নোয়াখালী সদরের সোনাপুর এলাকার নূর নবীর ছেলে চালক ফুয়াদ উদ্দিন (৩৬) এবং একই থানার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হেলপার মোঃ সালাউদ্দিন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী থেকে যাত্রীবাহী বাসে অবৈধ মাদকের একটি চালন রাজধানী ঢাকার দিকে আসছে।পুলিশের এসআই আনজিল আহমেদের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম সকাল পৌনে ৯ টার দিকে ঢাকাগামী লেনে কাঁচপুর তামিম নার্সারীর সামনে চেক পয়েন্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। এ সময় ‘লাল-সবুজ’ নামে এসি যাত্রীবাহী পরিবহনকে সিগন্যাল দেয়। চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তাঁরা গাড়িতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী, বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্স থেকে সুকৌশলে লুকানো কালো প্লাস্টিক ভর্তি মোড়ানো গাঁজা উদ্ধার করে।
