বিনোদন রিপোর্টার : অভিনয়কে ‘পাপ’ বা ভুল মনে করে কেউ পেশা ছাড়লে শিল্পী পরিচয়কে অসম্মান না করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এমন একটি ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
প্রভা বলেন, যে পরিচয় একসময় সম্মান, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত। তাঁর মতে, কেউ অভিনয় পছন্দ না করলে বা অন্য কোনো কারণে পেশা ছেড়ে দিতে পারেন, কিন্তু তাই বলে শিল্প ও শিল্পীদের ছোট করার অধিকার কারও নেই।
অভিনেত্রী আরও বলেন, শিল্প কোনো পাপ নয়; এটি একটি পরিচয় ও সংস্কৃতির অংশ। যারা সংস্কৃতিচর্চায় আসবেন, তাঁদের শিক্ষা, মূল্যবোধ, সংস্কৃতিবোধ এবং নিজের পরিচয়ের প্রতি সম্মান থাকা জরুরি।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান। তাঁর সর্বশেষ সিনেমার শুটিং ইতোমধ্যে হয়েছে, তবে কিছু কাজ এখনো বাকি। শিগগিরই আবার শুটিংয়ে ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি।
