রবিবার | নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নানা আয়োজনে বগুড়ায় জাতীয় যুব দিবস পালিত

নানা আয়োজনে বগুড়ায় জাতীয় যুব দিবস পালিত

বগুড়া থেকে সাইফুল ইসলাম : ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে হবে। যুবকরাই আগামী দিনের দেশের চালিকাশক্তি। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া -৬ সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির , পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দিন সরকার । আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশনা, রেজওয়ানুল ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, রেজওয়ানুল ইসলাম আতিক, তরুণ উদ্যোক্তা রিপন কুমার ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম এবং সাবেক যুবদল সভাপতি খাদেমুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের একপর্যায়ে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণে ঋণের চেক এবং যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ করা হয়। এ ছাড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা