শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুমুদিনী সরকারি কলেজ জার্নাল-২০২৬ মোড়ক উন্মোচন

কুমুদিনী সরকারি কলেজ জার্নাল-২০২৬ মোড়ক উন্মোচন

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা (আর. পি. সাহা) তাঁর মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমুদিনী কলেজটি ১৯৪৩ সালে প্রতিষ্ঠা করেন। এর পর ১৯৭৯ সালে কলেজটিকে সরকারি করা হয়। এটি বর্তমানে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত। গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ১৯৫৯ সালে ময়মনসিংহে মুমিনুন্নেসা মহিলা কলেজ প্রতিষ্ঠার আগে এটিই ছিল তৎকালীন সমগ্র পূর্ব পাকিস্তানের একমাত্র উচ্চতর মহিলা কলেজ।

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) “কুমুদিনী সরকারি কলেজ জার্নাল-২০২৬” এর মোড়ক কলেজ প্রাঙ্গণে উন্মোচন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক একুশে পদক-২০০৬ ও স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. সুকোমল বড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক খান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ এবং কুমুদিনী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটি-২০২৬-এর আহ্বায়ক প্রফেসর শম্পা শারমিন খান এবং জার্নাল প্রকাশনা কমিটি-২০২৬-এর আহ্বায়ক মোয়াজ্জম হোসেন ভূঁইয়া।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা