লিটন পাঠান, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে অপহরণের ১২-ঘণ্টা পর এক অষ্টম শ্রেণির ছাত্রকে সিলেটের শাহপরান এলাকায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪-সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ছাত্র সৈয়দ সাদাফ উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন থেকে চারজন ব্যক্তি সাদাফকে মাথায় আঘাত করে জোরপূর্বক একটি হাইচ গাড়িতে তুলে নেয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল বলে সাদাফ জানিয়েছে।
রাতের শেষ দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে রেখে যায় তারা। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ও এক সিএনজি অটোরিকশা চালকের সহযোগিতায় সাদাফের সন্ধান পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসা দেন। সাদাফের বাবা সৈয়দ শাহীন দাবি করেন, পূর্ব পরিকল্পিত ভাবে একটি সংঘবদ্ধ চক্র তার ছেলেকে অপহরণ করে থাকতে পারে। তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, অপহরণের বিষয়টি আমি অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরিও (জিডি) করেনি। তবে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।
