বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিকল্প নেই : পটিয়ায় জাতীয় যুব দিবসের আলোচনায় বক্তারা

প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিকল্প নেই : পটিয়ায় জাতীয় যুব দিবসের আলোচনায় বক্তারা

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তিতে পরিণত করতে হবে। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। যুবসমাজের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গঠন আরও গতিশীল হবে। (১ নভেম্বর) রবিবার জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পটিয়ায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।দক্ষ যুব গড়ছে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মোহাম্মদ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, প্রধান শিক্ষক এটিএম তোহা, তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বুলবুল হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব খান ও শেলী রানী বড়ুয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে যথাযথ প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। শুধু চাকরির প্রত্যাশী নয়, বরং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার মানসিকতা তৈরি করতে হবে। আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি যুব ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণেরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। পরে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা