বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

​মোঃ মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেদার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢলুবাড়ি গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
​নিহত শিশুরা হলো—ঢলুবাড়ি গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মোছা. মুবাশিয়া খাতুন (৪) এবং একই গ্রামের মো. আয়নাল হোসেনের ছেলে মো. সিয়াম (৫)। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলার ছলে মাছ ধরতে যায় মুবাশিয়া ও সিয়াম। একপর্যায়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে তলিয়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

​কোথাও সন্ধান না পেয়ে সন্দেহ হলে স্বজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে তল্লাশি চালান। পরে দুপুর ১টার দিকে পুকুর থেকে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

​একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের তীব্র ছায়া নেমে এসেছে। নিষ্পাপ দুটি শিশুর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবাসহ স্বজনরা। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপন কুমার দাস জানান, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি তারা মৌখিকভাবে শুনেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা