বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পাহাড়ে পালাল অপহরণকারীরা

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পাহাড়ে পালাল অপহরণকারীরা

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি অপহরণকারী চক্রের কবল থেকে সাকিব হোসেন (২৪) নামে এক বাঙালি যুবককে উদ্ধার করেছে ১৬ এপিবিএন পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে আলীখালী এপিবিএন ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক তানভিরুল ইসলাম, পিপিএম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি দল টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এক বাঙালি যুবককে অপহরণ করে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে।

সংবাদ পাওয়ার পর ভিকটিমকে উদ্ধারে তথ্য যাচাই করে অভিযান পরিচালনার প্রস্তুতি নেয় ১৬ এপিবিএন। পরে বিষয়টি নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে অবহিত করা হয়।

এরপর এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে আলীখালী এপিবিএন ক্যাম্পের একটি দল এবং এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি দল যৌথভাবে পাহাড়ি এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে সাকিব হোসেনকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রাথমিকভাবে উদ্ধার হওয়া যুবকের দেওয়া তথ্য অনুযায়ী, মোবাইল ফোনে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর সঙ্গে দেখা করতে সাকিব নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে আটক করে রাখে। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে ভুক্তভোগী জানিয়েছেন।

উদ্ধার হওয়া সাকিব হোসেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নজরুল ইসলাম ও মায়ের নাম সাহানা আকতার।

এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম শেষে ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা