ভোলা থেকে মোঃ এরশাদুল ইসলাম আজাদ : ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের( উপজেলা অফিস সংলগ্ন) প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা আক্তার সুমনা ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ২৪ সেপ্টেম্বর তিনি ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
সাহিদা আক্তার সুমনা গত বছরও(২০২৫) জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সরকারি ভাবে চীন দেশ সফর করেন। তাঁর নেতৃত্বে ২০১৮,২০২২ ও ২০২৬ সালে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের (বর্তমানে ওয়েস্টার্ন পাড়া) সন্তান ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী সুমনা সাহিদা একসময় সাংবাদিকতায়ও অনবদ্য ভূমিকা রাখেন। ২০০০ সালে তিনি নারী সাংবাদিক হিসাবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম.এম.সির প্রাকৃতজন পুরস্কার লাভ করেন। পরবর্তীতে এম.এম.সির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।
ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ও বিএড এবং সিইনএড ডিগ্রি অর্জন করেন। সাহিদা সুমনা কিছুদিন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবেও কর্মরত ছিলেন।
তিনি ভোলা জেলা শিক্ষা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তাঁর নেতৃত্বে ভোলা সদরের ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তন এবং সার্বিক পরিবেশে আমূল পরিবর্তন সাধিত হয়।
