মো.নূর আলম ভূইয়া, ডেমরা (ঢাকা : রাজধানীর ডেমরায় আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তার নিশ্চিতকরণ ও শিক্ষকদের দক্ষতা অর্জনে ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঐহিত্যবাহী সামসুল হক খান স্কুল এন্ড কলেজের কলেজ শাখার অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নে সঠিক লক্ষ্যমাত্রা অর্জন, দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা অর্জন এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে করে শিক্ষগণ আন্তর্জাতিক প্রশিক্ষণ ও বৈশ্বিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন যা নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।
প্রতিষ্ঠানটির কলেজ শাখার ইনচার্জ মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।
এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক প্রশিক্ষক কৃষ্ণা নারুলী (এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট-অষ্ট্রেলিয়া, ফাউন্ডার লারিং হেবিট)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ক্যারিয়ার কনসালটেন্সি সংস্থার ফাউন্ডার অ্যান্ড সিইও কানিজ ফতিমা মিতু।
এ বিষয়ে প্রতিষ্ঠানের কলেজ শাখার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রাজিয়া আক্তার বলেন-দূরদর্শী চিন্তা নিয়ে আন্তরিক এ প্রচেষ্টা ও শিক্ষার মানোন্নয়নে গৃহীত এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে, এমন প্রত্যাশা সবার।
এ বিষয়ে প্রধান অতিথি ফেরদৌস হোসেন রনি বলেন-এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে মূল্যায়ন করা, বিদ্যমান সীমাবদ্ধতা ও দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং আধুনিক-আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটানো।
তিনি আরও বলেন- দেশীয় শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের শিক্ষার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি স্মরণীয় ও ইতিবাচক পদক্ষেপ। তাছাড়া আমাদের এই ব্যতিক্রমী আয়োজন শুধু একটি প্রশিক্ষণ কর্মশালার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, উদ্ভাবনী চিন্তা এবং আন্তর্জাতিক মানসিকতা বিকাশের একটি সম্ভাবনাময় সূচনা।
