মাতামুহুরী থেকে ওমর ফারুক : মাতামুহুরী উপজেলার ঐতিহ্যবাহী বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলা বিষয়ের উপর বিশেষ মেধা যাচাই পরীক্ষা ‘বাংলা উৎসব’। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা অত্যান্ত মেধাবী ৫২৯ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাটি এক তীব্র প্রতিযোগিতামূলক উৎসবে রূপ নেয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন করা হয়। মূল লিখিত পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আরও বেশ কিছু প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করা হয়। যার মধ্যে ছিল আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা ও অন্যান্য বুদ্ধিবৃত্তিক ইভেন্ট। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীদের উপস্থিতি ও পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
এবারের উৎসবেও বরাবরের মতোই নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘অনুশীলন একাডেমী’। লিখিত পরীক্ষা থেকে শুরু করে কুইজ ও গল্প বলার মতো প্রতিটি বিভাগেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা তাদের মেধার অনন্য স্বাক্ষর রেখেছে। জানা গেছে, তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই আসরে অনুশীলন একাডেমীর প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জন করেছে, যা পুরো উপজেলার মধ্যে সর্বোচ্চ।
অনুশীলন একাডেমীর এই ধারাবাহিক সাফল্য প্রসঙ্গে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকেরা জানান, প্রতিষ্ঠানটি নিয়মিত ও মানসম্মত পাঠদানের মাধ্যমে মাতামুহুরী উপজেলার মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ ধরে রেখেছে। এই মেধা যাচাই পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য অনুশীলন একাডেমীর অনবরত অধ্যয়ন ও ধারাবাহিক সফলতার যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিলো।
প্রতিযোগিতা শেষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
