চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় সোলাইমান হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তানজিল হোসেন (১৪) ও ফরহাদ রেজা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের দেবীপুর বালিগর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলাইমান হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া-শ্যামনগর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। আহত তানজিল হোসেন একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং ফরহাদ রেজা একে গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সাতটি মোটরসাইকেলে করে একদল বন্ধু চৌগাছা উপজেলার জগদীশপুর তুলার ফার্মে ঘুরতে যাচ্ছিলেন। পথে তানজিল হোসেনের চালানো ইয়ামাহা এফজেড ভার্সন-৪ মোটরসাইকেলটি দেবীপুর বালিগর্ত এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলে তানজিলের সঙ্গে সোলাইমান ও ফরহাদ রেজা ছিলেন।
দুর্ঘটনায় তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ৫ টা ৪০ মিঃ চৌগাছা উপজেলা ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহবাস শরীফ পরীক্ষা-নিরীক্ষা করে সোলাইমান হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত তানজিল হোসেনের মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ফরহাদ রেজার হাত ও পায়ে আঘাত লাগে। তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
