শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মজমিল আলীর বাড়িতে মিলল ১৯ হাজার ৫শত টাকার ১৩ বোতল কোডিন সিরাপ

মজমিল আলীর বাড়িতে মিলল ১৯ হাজার ৫শত টাকার ১৩ বোতল কোডিন সিরাপ

কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে একটি বসতঘর থেকে ১৩ বোতল কোডিনযুক্ত সিরাপ জব্দ করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর (বেড়িগাঁও) এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মজমিল আলী মজইয়ের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁর বসতঘরের একটি কক্ষ তল্লাশি করে সাদা রঙের ব্যাগে রাখা ১৩ বোতল সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের জব্দতালিকা অনুযায়ী, প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১ হাজার ৩০০ মিলিলিটার সিরাপ রয়েছে। বোতলগুলোতে ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডিন ফসফেট সিরাপ লেখা ছিল। উদ্ধার করা সিরাপের আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় মজমিল আলী মজই (৩২)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর আবেদন জানিয়ে এজাহার করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা