সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

নীলফামারী থেকে এন.এম হামিদী বাবু : শিক্ষকের মর্যাদা, শিক্ষার মান—সমৃদ্ধ হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির,জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, গুণী শিক্ষক মো. রফিকুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এবিএম সিদ্দিকুর রহমান, শিক্ষক দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ড. সৈয়দ খলিলুর রহমান, উপ কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা ও সদস্য মোরশেদ আজমসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না; তাঁরা জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে।

বক্তারা আরও বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষার অন্যতম প্রধান কারিগর শিক্ষক। তাই শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাঁদের কর্মপরিবেশ উন্নত করা সময়ের দাবি।

আলোচনা সভা শেষে নীলফামারীর গুণী ও প্রবীণ শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হক নান্নুকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে চাঁদের হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়ালীউর রহমান হেলাল,সৈয়দপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রাফু, নীলফামারী বিএম কলেজের সহকারী অধ্যাপক আসলাম হায়াত মিল্টন, কুখাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেনদ্রজিৎ রায় মিরু,নীলফামারী উত্তর চওড়া স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক মোর্শেদ আজম এবং গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সরোয়াদ্দী হোসেনসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা