ভালুকা থেকে তমাল কান্তি সরকার : শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ভালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং উপজেলার ৬৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দঘন করতে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রানা মোহন সরকার বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত হবে বলে তাঁরা আশাবাদী।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তাঁদের প্রত্যাশা।
