কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির পিকনিক স্পট লেক প্যারাডাইসের ভিআইপি শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাঁটির অধিনায়ক কমডোর এম সোহেল আজম। তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার করে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরেও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
এ সময় ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হাসান মাহমুদসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
