শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন তাঁরা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন ও দুঃশাসনের শিকার বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এসব ঘটনা ভুলে যাননি। অথচ অর্থের বিনিময়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

বক্তারা আরও দাবি করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মী। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগও তোলেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারদের নিয়োগ বাতিল করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুন্নবী দুলাল, সাধারণ সম্পাদক আজহারুলইসলাম, আল-আমিন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা সার ডিলার
নিয়োগ বাতিলের দাবিতে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা