শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বগুড়ায় স্কুলে শাসনের জের, রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

বগুড়ায় স্কুলে শাসনের জের, রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

বগুড়া থেকে সাইফুল ইসলাম : বগুড়ায় স্কুলে শাসন করায় ছুটির পর রাস্তায় শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরন একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থী কিরন। শিক্ষক ওই স্থানে পৌঁছালে তাকে থামতে বলে সে। শিক্ষক থামার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তার মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় কিরন।

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর আঘাতে শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন।

অধ্যক্ষ আরও জানান, অভিযুক্ত রিয়াদ ইসলাম কিরন বগুড়া সদর উপজেলার রজাকপুর গ্রামের বিপুল মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা