মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং নদীতে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
কাণ্ঠালিয়া এলাকা সংলগ্ন লৌহজং নদীতে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল ফায়ার সার্ভিস। আড়াই বছর বয়সী সাফুয়ান কাণ্ঠালিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির সবার অগোচরে নদীর পাড়ে চলে যায় শিশুটি। একপর্যায়ে পানিতে পড়ে তলিয়ে যায় সে। নদীর অপর প্রান্ত থেকে কয়েকজন নারী শিশুটিকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করে উঠলেও তাৎক্ষণিকভাবে উদ্ধারে এগিয়ে আসার মতো কাউকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা শিশুটিকে হাত-পা নাড়াতে নাড়াতে পানির নিচে তলিয়ে যেতে দেখেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল বেলা ১১টা থেকে শিশুটিকে উদ্ধারে নদীতে অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালানোর পর বেলা ৩টা ৪০ মিনিটের দিকে নদীর মাঝখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তিন ডুবুরিসহ সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুরে শিশুটির মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
