শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বেলকুচিতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

বেলকুচিতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

সিরাজগঞ্জ থেকে মুহাম্মদ নজরুল ইসলাম : সিরাজগঞ্জ বেলকুচিতে ইউপি সদস্য রফিকুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে বেলকুচি সদর ইউনিয়নের চর মনতলা গ্রামের পুকুরে এ ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ রুই, কাতলা, পাঙ্গাস, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ও চাষকৃত মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিস, মৎস্য অফিস ও থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রফিকুল পুকুরে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো সকালে পুকুর পরিচর্যা করতে গিয়ে তিনি দেখেন, পুকুরের সমস্ত মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে এবং চারপাশে বিষাক্ত গন্ধ ছড়াচ্ছে।

​ক্ষতিগ্রস্ত ইউপি রফিকুল সদস্য জানান, অনেক কষ্ট ও স্বপ্ন নিয়ে ধার-দেনা করে পুকুরে মাছ চাষ করেছিলাম। দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষপ্রয়োগ করে আমার সবকিছু শেষ করে দিল। এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

​বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা