শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জে হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে হত্যা মামলার আসামির পালায়ণ

হবিগঞ্জে হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে হত্যা মামলার আসামির পালায়ণ

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যা মামলার আসামি জাকির মিয়াকে (৪৫) গ্রেফতারের পর পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার রাতে উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের বানেশ্বর বিশ্বাসের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাকির ওই এলাকার মৃত রহমান মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, পুলিশ তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরানোর পর একপর্যায়ে সে কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে পাওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তোফাজ্জুল মিয়া (৩০) আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তোফাজ্জুল ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঠাকুরাইন দিঘির পূর্ব পাড় এলাকার মৃত মতিবুর রহমানের ছেলে। এ ঘটনায় বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় জাকির মিয়াকেও আসামি করা হয়েছে।

মামলার আসামি হিসেবে জাকিরকে গ্রেপ্তার করতে সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। স্থানীয় বিএনপি নেতা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ছামির আলীর দাবি, অভিযানের সময় জাকিরকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরানো হয়। পরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ সে পালিয়ে যায়।

ছামির আলী বলেন, ‘জাকির ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তাকে অন্যায়ভাবে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরানোর পর সে পালিয়ে যায়। পরে একটি হ্যান্ডকাপ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

তবে হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। হ্যান্ডকাপসহ জাকির পালায়নি। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা