কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল : লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং এ আসনের এমপি প্রার্থী এআর হাফিজ উল্লাহ বলেছেন, দেশে ডেঙ্গুজ্বর ও হাম মহামারী আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগী বাড়ছে কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না। ওই দিকে সরকারের কোন খেয়াল নেই; সরকার এখন দখল-চাঁদাবাজিতে ব্যস্ত। বুধবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী বাংলাদেশের পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ১২ফেব্রুয়ারীর ভোটের পরে আমরা আশা করছিলাম। জনগনের মৌলিক চাহিদা পুরনে আর কোন সমস্যা থাকবে না। কিন্তু এখন কি দেখছি। দেশে ডেঙ্গু ও হাম মহামারী আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে ওষুধ নেই, সঠিক চিকিৎসা নেই। স্বাস্থ্য নিয়ে যে পদক্ষেপ নেয়া দরকার ওই দিকে সরকারের কোন খেয়াল নেই। এআর হাফিজ উল্লাহ বলেন, আমরা জাতীয় নির্বাচনে দু’টি ভোট দিয়েছি। একটি জাতীয় সংসদ নির্বাচন আরেকটি হ্যা ভোট। ৭০ পার্সেন্ট মানুষ হ্যা ভোটের পক্ষে রায় দিয়েছে। ওই গণভোট সরকার এখন মানছে না। অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিলেও বর্তমান সরকার তা বাদ দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বাকশালী স্টাইলে দেশ পরিচালনা করছে। এখন তারা জনগণের ভোটের রায়কে উপেক্ষা করে দখল-চাঁদাবাজিতে ব্যস্ত সময় পার করছেন।
ওই সময় তিনি আরো বলেন, সরকার দেশের মানুষের পক্ষে না থাকলেও জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের কথা বলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা। তাই দেশ ব্যাপী এ ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এ পরিচ্ছন্নতা অভিযানে আরো অংশ নেন উপজেলা নায়েবে আমির, মাষ্টার জামাল হোসেন, সেক্রেটারী মাও আক্রাম হোসেন, প্রচার সম্পাদক মিজানুর রহমান মান্না, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, জামায়াত নেতা আবুল বয়ান, জাকারিনা হোছাইন, আক্তার হোসেন মিলন ও আবদুল আহাদ প্রমুখ।
