শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ ভারত ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর মৃত্যু

ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর মৃত্যু

জনতা ডেস্ক : ভারতের গঙ্গা নদীতে উৎসবে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট বর্ষা সিংয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে নৌকাটি উল্টে যায়।

বর্ষা সিং জানান, নিহত ১৩ জনের প্রত্যেকের বয়স ১৫ বছর বা তার কম। তবে দুর্ঘটনার সময় নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করে বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি নিহত শিশুদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মোদি আরও বলেন, ‘এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।’

দুর্ঘটনার পর নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা