খাগড়াছড়ি প্রতিনিধি : ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে খাগড়াছড়িতে টানা হরতাল-অবরোধের ঘোষণাও দেওয়া হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেনী-পেশার ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুই আঞ্চলিক সংগঠনের রেষারেষির বলি হচ্ছে সাধারণ মানুষ। তাদের আধিপত্য বিস্তারের জেরে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করায় ক্ষতির মুখে পাহাড়ের পর্যটন অর্থনীতি। শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে সাজেকে রির্সোট কটেজে টানা বুকিং থাকলেও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পর্যটকেরা সাজেকে আসতে না পারলে বড় ধরনের আর্থিক শঙ্কা রয়েছে।
এতে হোটেল রির্সোট মালিকদের পাশাপাশি পরিবহন শ্রমিক, রেঁস্তোরাসহ পর্যটন সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা লোকসানের মুখে পরবে।
গত রবিবার এক গণবিজ্ঞপ্তিতে নিরাপত্তায় শঙ্কায় আজ (১৪ অক্টোবর) থেকে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
