রাঙামাটি থেকে মো. নাজিম আলী : রাঙামাটি পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সম্প্রসারণে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে হোস্টেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপন তালুকদার বলেন, শিক্ষার গুণগত মান পরিবর্তনে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ বাড়বে। এ লক্ষ্যে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হোস্টেল স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। তিনি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যার সমাধান, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাঁদের প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, অভিজ্ঞতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
