শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫

কক্সবাজার ও বান্দরবানে টহল, গোয়েন্দা নজরদারি ও ২৪ ঘণ্টা মনিটরিং

দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নটির সদস্যরা প্রস্তুত রয়েছেন। পূজামণ্ডপগুলোতে টহল, মোটরসাইকেল পেট্রোলিং, গোয়েন্দা নজরদারি ও অনলাইন মনিটরিং জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কক্সবাজার জেলায় ৩২৪টি এবং বান্দরবান জেলায় ৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৫ মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে।

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল ও মোটরসাইকেল পেট্রোলিংয়ের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবেন। যেকোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক গুজব ও অপপ্রচার রোধে অনলাইন মনিটরিং এবং পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের অংশ হিসেবে পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত থাকবে। কোনো পূজামণ্ডপে সন্দেহজনক কর্মকাণ্ড বা অপ্রীতিকর পরিস্থিতির লক্ষণ দেখা গেলে দ্রুত এসআরবি-১৫-কে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে এসআরবি-১৫-এর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা