শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাগেশ্বরীতে প্রসূতির মৃত্যু, ভুল অস্ত্রোপচারের অভিযোগে ক্লিনিকে উত্তেজনা

নাগেশ্বরীতে প্রসূতির মৃত্যু, ভুল অস্ত্রোপচারের অভিযোগে ক্লিনিকে উত্তেজনা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভুল অস্ত্রোপচারে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ক্লিনিকটিতে ভাঙচুরের চেষ্টা চালান। বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী কলেজমোড়-সংলগ্ন অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত মীম উপজেলার সাঞ্জুয়ারভিটা গ্রামের মামুনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার রাতে সিজারের জন্য মীমকে ওই ক্লিনিকে নেওয়া হয়। চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুমা প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচার করেন। এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্বজনদের দাবি, অস্ত্রোপচারের সময় ক্ষতস্থানে প্লাসেন্টা বা ফুলের অংশবিশেষ রেখে দেওয়া হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় মীমকে উন্নত চিকিৎসার জন্য রংপুরের ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে ক্লিনিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় ক্লিনিকের পরিচালক শুক্রবার দুপুরে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেন বলে জানা গেছে। মীমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা