বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অস্ত্রধারী দুর্ধর্ষ ডাকাত দল হানা দিয়ে দেড় কোটি টাকার মালামাল লুট

অস্ত্রধারী দুর্ধর্ষ ডাকাত দল হানা দিয়ে দেড় কোটি টাকার মালামাল লুট

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অস্ত্রধারী দুর্ধর্ষ ডাকাত দল হানা দিয়ে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫শ’ টাকা সহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা মো.মারুফ হোসেন বাদী হয়ে থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

আজ বুধবার (২৮ অক্টোবর) রাতের প্রথম আনুমানিক ২টার দিকে উপজেলার সাদীপুর এলাকায় গংগাপুর বাজারে দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের হানায় ‘কাশ্মীর গ্রুপ’ নামে প্রতিষ্ঠানটিতে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গংগানপুর বাজারে কালো মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র, পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে ঢুকে হানা দেয়। এ সময় অস্ত্রধারী ডাকাত দল প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে জিম্মি করে তাঁদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে, প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনের দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ টাকা সহ প্রতিষ্ঠানে থাকা প্রায় ১ কোটি টাকা মূল্যের তামার তার, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় তারা।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ ওসি’ মহম্মদ আব্দুল বারিক জানান, এই ঘটনার তদন্ত চলমান, অতি শীঘ্রই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার আমার পুলিশ কাজ করছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা