নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ কাজল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ কাজলের গ্রামের বাড়ি বরিশালে। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে তিনি কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এলাকায় বসবাস করে আসছেন। তার দুটি সংসার রয়েছে। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে প্রায় ৯ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি। অভিযোগ রয়েছে, দ্বিতীয় স্ত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করেই প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করেছিলেন তিনি। এবার ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন তিনি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গ্রেপ্তার মোহাম্মদ কাজলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তিনি শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে শিশুটির বাবা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ ধরনের অপরাধের সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়দের দাবি, শুধু গ্রেপ্তার নয়, দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
উল্লেখ্য, প্রায় ৯ বছর আগে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করা মোহাম্মদ কাজল এবার ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় কাপ্তাইজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
