চাটখিল (নোয়াখালী) থেকে ওমর ফারুক : নোয়াখালীর চাটখিলে মসজিদের দানবাক্স চুরি ও মাদক চক্রের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. সাইফুল ইসলাম রিয়াদ। তিনি ‘নোয়াখালীর বার্তা’-র সম্পাদক, ‘ঢাকা টাইমস’-এর চাটখিল উপজেলা প্রতিনিধি ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুন্দরপুর গ্রামে মোতাহের হোসেনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। চুরির টাকা মোতাহেরের জিম্মায় থাকার অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তাঁরা লোহার রড ও কিল-ঘুষি-লাথি দিয়ে রিয়াদকে গুরুতর জখম করেন। আহত হন আরমান হোসেন নামে আরও একজন। হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মোতাহের হোসেন মোতা (৫০), তাঁর ছেলে প্রান্ত, ফাহিমসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা হয়েছে।
চাটখিল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. আবু তৈয়ব ও প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
থানার ওসি আব্দুল মোন্নাফ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সাংবাদিকের ওপর হামলা মানে সত্য প্রকাশের ওপর হামলা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
