রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা উত্তর পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ১টি গরু ও টিনশেড ঘর পুড়ে গেছে। সেই সঙ্গে প্রবাসী গৃহকর্তা আফসার উদ্দিনের স্ত্রী জহুরা বেগম (৫০)আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আফসার উদ্দিনের ছেলে রায়হানের স্ত্রী সুমনা আক্তার বলেন,কারেন্ট থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে। আগুনে আমাদের পাঁচ লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু ও টিনশেড ঘর পুড়ে গেছে। সেইসঙ্গে আমার শাশুড়ি আগুনে পুড়ে আহত হয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি আছে। সব মিলিয়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইস্তাফুর রহমান বলেন,আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে একটি টিনশেড ঘরসহ বড় আকারের একটি গরু মারা গেছে এবং মাঝারি সাইজের একটি গরু আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
জামশা ইউনিয়নের দায়িত্বে থাকা( বিট অফিসার) পুলিশের উপ-পরিদর্শক(এসআই)মো. রেজাউল করিম বলেন,শুনেছি আগুন লেগে একটি গরু মারা গেছে এবং গৃহকর্ত্রী আহত হয়েছেন। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে যাবো।
এ ব্যাপারে সিংগাইর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মো. মহিবুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে সেকেন্ড ইনচার্জ রতন আলীর নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। সর্বশেষ ফায়ার সার্ভিসের সরকারি নম্বরে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার ফাইটার জানান, গত রাতে অগ্নিকাণ্ডের কোনো খবর তাদের কাছে আসেনি।
