শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লাইসেন্স না থাকায় সুবর্ণচরে দুই করাতকলে অভিযান

লাইসেন্স না থাকায় সুবর্ণচরে দুই করাতকলে অভিযান

মোঃ রাশেদুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার দায়ে দুটি করাতকলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার সোলেমান বাজার ও কমলার বাপের দোকান এলাকায় অবস্থিত করাতকল দুটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করাতকল দুটির বৈধ লাইসেন্স না থাকায় করাতকল বিধিমালা, ২০১২ অনুযায়ী প্রতিটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপকূলীয় রেঞ্জ অফিসার (আলাউদ্দিন রেঞ্জ) আতিকুল ইসলাম, বন বিভাগের কর্মচারী ও আনসার সদস্যরা।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা