সোমবার | নভেম্বর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়ায় পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: এএসপি আহত, হা-মীম গ্রুপের গাড়িতে আগুন

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: এএসপি আহত, হা-মীম গ্রুপের গাড়িতে আগুন

আশুলিয়া প্রতিনিধি : তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শিল্প পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আহত হয়েছেন এবং একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। উত্তপ্ত পরিস্থিতির মুখে ওই এলাকার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ সংঘাতের সূচনা হয়। এছাড়া সোমবার সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে নিশ্চিন্তপুর এলাকার ‘নিউএজ’ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন শুরু করেন।

পরবর্তীকালে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা আশপাশের অন্যান্য পোশাক কারখানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে পুরো শিল্পাঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি পরিস্থিতি হাতছাড়ার বাইরে যাওয়ার ঝুঁকিতে আশপাশের অনন্ত,ট্রাউজার লাইন,হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ,ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটি ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকরা হা-মীম গ্রুপের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে সংঘর্ষ বেধে যায়। শুরু হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদ আহত হন। এদিকে বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুর নদী ফিলিং স্টেশনের সামনে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুনে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকে পুরো আশুলিয়া শিল্পাঞ্চলে চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স টহল দিচ্ছে এবং সংবেদনশীল পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা