বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় আশিক ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা, ১০ দিন দোকান বন্ধের নির্দেশ

শালিখায় আশিক ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা, ১০ দিন দোকান বন্ধের নির্দেশ

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগে মেসার্স আশিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শওকত লস্কারকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী দল। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১০ দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সিংড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় মেসার্স আশিক ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিনজেনটা কোম্পানির নাম ব্যবহার করা ৩৫ প্যাকেট থিওভিট ও গ্রোজিং জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১০ দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সানিয়াআড়পাড়া গ্রামের বিপ্লবের কাছে বিক্রি করা নকল পণ্য ফেরত নেওয়া হয় এবং পণ্যের ক্রয়মূল্য বাবদ তাঁকে দুই হাজার টাকা ফেরত দেওয়া হয়। এ ছাড়া তিলখড়ি গ্রামের আতিয়ার কাজির কাছ থেকে এক প্যাকেট থিওভিট ফেরত নিয়ে তাঁর টাকাও ফেরত দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, প্রতারণা রোধ এবং বাজারে নকল পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা