কক্সবাজার উখিয়া থেকে আবু বক্কর সিদ্দিক : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। বক্তারা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এই দিনের গুরুত্ব অপরিসীম।
দলীয় মতপার্থক্য ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
১৩
