ভালুকা থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রামের রিয়াজ আহমেদ (৩০) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোল এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে কোস্টগার্ড ও বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ রিয়াজ আহমেদ ধামশুর গ্রামের আবুল বাসারের ছেলে।
কোস্টগার্ড ও জেলেদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে হিরণ পয়েন্ট ও নীলকমল হয়ে ‘ইকো ট্যুরিজম’ নামের একটি পর্যটকবাহী লঞ্চে ২০ থেকে ২২ জনের একটি দল দুপুরে দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পরে দলটির তিনজন পর্যটক সাগরে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে রিয়াজ ভেসে যান। সঙ্গে থাকা অন্য দুজন তীরে উঠতে সক্ষম হলেও অনেক চেষ্টা করেও রিয়াজকে উদ্ধার করতে পারেননি।
দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী শুক্রবার রাত ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজন পর্যটক সাগরে নামার পর প্রবল স্রোতের চাপে রিয়াজ ভেসে যান। অন্য দুজন তীরে ফিরে আসতে সক্ষম হন।
বন বিভাগের পশ্চিম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান জানান, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে শুক্রবার দুটি পর্যটকবাহী লঞ্চ পাস নিয়ে দুবলার চরের উদ্দেশে যায়। পরে এ নিখোঁজের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড ও বন বিভাগ উদ্ধার অভিযান শুরু করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে কোস্টগার্ডের একটি দল অভিযান চালাচ্ছে। কোস্টগার্ড স্টেশন দুবলার পক্ষ থেকেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর অন্ধকার নেমে এলেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এ ঘটনায় নিখোঁজ রিয়াজের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
