এম. শহীদুল ইসলাম (কুতুবদিয়া- কক্সবাজার) উপকূলীয় দ্বীপবাসির সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কুতুবদিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান। ওই প্রকল্প সমূহের মাঠপর্যায়ের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সার্কেলের (কুমিল্লা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী। রবিবার (৮ নভেম্বর) সকালে তিনি কুতুবদিয়া সফর করেন। দ্বীপের সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলা মাল্টি-সেক্টর প্রকল্পের আওতায় ‘ঘিলাছড়ি পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম, নলকূপ ও সুপেয় পানির বিভিন্ন উৎসের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
দ্বীপাঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে টেকসই সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা ও প্রকল্প কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি চলমান কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এতে কুতুবদিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফরহাদ মিয়াসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে কুতুবদিয়ায় আগমন উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কুতুবদিয়ার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়।
ডিপিএইচইর ওই তত্ত্বাবধায়ক প্রকৌশলী কুতুবদিয়া সফরকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী সফর শেষে বিকেলে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন।
