এইচ এন আলম, কক্সবাজার : দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে ভূমি মালিকদের দেওয়া উচ্ছেদ নোটিশের কার্যকারিতার ওপর তিন মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।
৮ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় বিচারপতি তৌফিক এনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
জানা গেছে, গত ১০ অক্টোবর কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতির ৪৬ সদস্যকে ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেন। একই ধরনের নোটিশ বাজারের আরও প্রায় ২০০ জনকে দেওয়া হয় বলে জানা গেছে।
এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ভূমি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল এহেসান বাবুসহ ৪৬ জন রিট পিটিশন (নম্বর ১৫১৩৬/২০২৬) দায়ের করেন।
এতে ভূমি মন্ত্রণালয়, কক্সবাজারের জেলা প্রশাসক, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) কে বিবাদী করা হয়েছে।
রিটকারীদের দাবি, সহকারী কমিশনার (ভূমি) এ ধরনের উচ্ছেদ নোটিশ দেওয়ার এখতিয়ার রাখেন না। হাইকোর্টে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমির হোসেন ও ব্যারিস্টার উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সল সিদ্দিকী।
ব্যারিস্টার উজ্জ্বল হোসেন জানান, হাটবাজার ব্যবস্থাপনা আইন-২০২৩ ও হাটবাজার ব্যবস্থাপনা বিধিমালা-২০২৫ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) এ ধরনের উচ্ছেদ নোটিশ দেওয়ার এখতিয়ার রাখেন না।
